২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৯:০৭:৪৩ পূর্বাহ্ন
শিক্ষার্থী ভর্তি না করায় ১০৮৫ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৬
শিক্ষার্থী ভর্তি না করায় ১০৮৫ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ

দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় ১ হাজার ৮৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের চূড়ান্ত তাগিদ পাঠিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আজ সোমবার (২০ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বোর্ডের জারি করা আদেশে বলা হয়েছে, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমের আওতায় পরিচালিত যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেগুলোর জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশন থেকে ভর্তি কার্যক্রম কেন স্থগিত করা হবে না এবং প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না—এ বিষয়ে পূর্বেও দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।


সর্বশেষ গত ১ জুলাই প্রেরিত চিঠিতে ১০ জুলাইয়ের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করা হলেও নির্দেশিত ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বোর্ডে জমা দেওয়া হয়নি।


এমতাবস্থায় বিষয়টিকে ‘চূড়ান্ত তাগিদ’ হিসেবে গণ্য করে আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা কারিগরি শিক্ষা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, অনুমোদন বাতিলের প্রক্রিয়ায় থাকা ১ হাজার ৮৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


শেয়ার করুন