১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ০১:২৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত রাজশাহীবাসী: ভূমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৬
প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত রাজশাহীবাসী: ভূমিমন্ত্রী মিনু

​বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে নতুন প্রাণের সঞ্চার হবে এবং মানুষ উচ্ছ্বসিত হবে আশা প্রকাশ করেছেন  ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ করে শারদীয় দুর্গাপূজার চলাকালীন এ সফর সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন তিনি।

আজ ​বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, "এর আগে কোনো সরকারপ্রধান পূজার সময় রাজশাহীতে আসেননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন—এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন।" এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তারাও রাজশাহীকে খুব ভালোবাসতেন এবং বারবার এখানে এসেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতায় রাজশাহীবাসীকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসা দেন।

​প্রধানমন্ত্রীর এই সফরকে সুশৃঙ্খল, সুন্দর ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেভাবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

​সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন