২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৩:১৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২৬
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে আসছেন। সফরের অংশ হিসেবে তিনি নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। এরপর বেলা ৩টায় নগরের মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহী নগরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে দুপুরে রাজশাহীতে এসে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখবেন। এরপর যোগ দেবেন মাদ্রাসা মাঠের জনসভায়। কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ছাড়বেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরের বিভিন্ন এলাকায় সাজসাজ রব দেখা যাচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক মেরামত এবং সড়ক বিভাজকে রং করার কাজ করা হয়েছে। অন্যদিকে, জনসভাকে সামনে রেখে মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে বড় মঞ্চ।


সফর ও জনসভা ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর একটি বিশেষ ঘটনা। তার মতে, এ সফর এবং জনসভা রাজশাহীর জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।


মিজানুর রহমান মিনু আরও জানান, জনসভায় রাজশীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী থেকে কলকাতা, ঢাকা ও চট্টগ্রাম রুটে সরাসরি তিনটি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা।


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিমান অবতরণের স্থান, ভিআইপিদের চলাচলের পথ, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস এবং জনসভাস্থলকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যানজট এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে রাজশাহী মহানগর পুলিশ।




শেয়ার করুন