যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের ‘এ যাবৎকালের সবচেয়ে বড় বন্ধু’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোর এক দিন পরই মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় এমন মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহুকে এ মন্তব্য করতে দেখা যায়। ইসরাইলের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্প তার প্রতি সমর্থন জানানোর এক দিন পর ভিডিওটি প্রকাশ করেন নেতানিয়াহু।
রোববার (১৮ অক্টোবর) ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তাকে শান্তির অংশীদার বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়টিও নেতানিয়াহুর কৃতিত্ব হিসেবে তুলে ধরেন তিনি।
এদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাত ইতিমধ্যে সপ্তম মাসে গড়িয়েছে। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনীতির ব্যাপক ক্ষতিও হয়েছে।

