২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ০৮:১৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। গত ২২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


তফসিল অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির দিন নির্ধারণ করা হয়েছে।



এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


তবে মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।




শেয়ার করুন