০১ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৩২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যালন ডি’অর জয়ের পর কেইনের পেনাল্টি মিস, ড্র ডার ক্লাসিকো
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৬
ব্যালন ডি’অর জয়ের পর কেইনের পেনাল্টি মিস, ড্র ডার ক্লাসিকো

মিউনিখের অ্যালিয়াঞ্জ এরেনায় ডার ক্লাসিকোর আগে হ্যারি কেইনকে ঘিরে ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় বায়ার্ন মিউনিখ। কিন্তু ব্যক্তিগত গৌরবের সঙ্গে দলগত জয় যোগ করতে পারেননি ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ম্যাচে পেনাল্টি মিস করেছেন তিনি। শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন।


বায়ার্নের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় কেইনের পেনাল্টি মিস। দ্বিতীয়ার্ধে তার নেওয়া পেনাল্টির শট ক্রসবারে লেগে ফিরে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে ফ্যাবিও সিলভার গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড।


৩৮ মিনিটে কনরাড লাইমারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর জোবে বেলিংহামের একটি গোল বাতিল হওয়ায় সমতা ফেরানোর সুযোগ হারায় ডর্টমুন্ড।


৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। গোল করে ঐতিহাসিক সপ্তাহটিকে আরও স্মরণীয় করে রাখার সুযোগ ছিল কেইনের সামনে। গত সোমবার লন্ডনে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। কিন্তু তার নেওয়া পেনাল্টি ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হন ইংল্যান্ড অধিনায়ক। এরপর সেরহু গুইরাসি গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান।


তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। ডায়োট উপামেকানোর গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। গোলটির আগে ১২ গজ দূর থেকে সুযোগ কাজে লাগাতে না পারার প্রায়শ্চিত্ত যেন করেন কেইন, তার সহায়তায় গোল করেন উপামেকানো।


কিন্তু কেইনের পেনাল্টি মিসের আক্ষেপ আরও বাড়িয়ে দেন ফ্যাবিও সিলভা। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে ডর্টমুন্ডকে হার থেকে বাঁচান তিনি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।


বায়ার্নের জন্য ম্যাচে আরও দুঃসংবাদ ছিল একাধিক খেলোয়াড়ের চোট। ব্যালন ডি’অরের জন্য মনোনীত মাইকেল ওলিসে, মিডফিল্ডার ইসমাইল সাইবারি ও ফরোয়ার্ড সার্জ গিন্যাব্রি চোট পেয়েছেন।


ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবেলের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে চোট পান সাইবারি। দুই চিকিৎসাকর্মীর সহায়তায় তাকে মাঠ ছাড়তে হয়। নাথানিয়েল ব্রাউনের বদলি হিসেবে মাঠে নামা সাইবারি মাঠ ছাড়ার দুই মিনিট পর চোট পান গিন্যাব্রি। কারও সাহায্য ছাড়াই মাঠ ছাড়লেও তাকে অস্বস্তিতে দেখা যায়। ম্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন ওলিসেও।


এদিন ডাগআউটে বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে পাওয়া যায়নি। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত এই বেলজিয়ান কোচ চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত পর্যবেক্ষণে রয়েছেন।


ড্রয়ের ফলে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে দুই দলই। সমান ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষ দুইয়ে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে বায়ার্ন।




শেয়ার করুন