০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:৫৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় ভর্তির শর্ত শিথিল করল রাবি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় ভর্তির শর্ত শিথিল করল রাবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল বিবেচনায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।



রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক তা আমরা চাই না। যেহেতু এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে, তাই ভর্তি কমিটি মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদন যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।


ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.০০। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.৫০।


তবে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ‘বি’ ইউনিটের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।


এদিকে ভর্তি উপকমিটির সিদ্ধান্ত বহাল রেখেছে ভর্তি কমিটি। এবারের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ১২ নভেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।


মিটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে বেলাল হোসেন বলেন, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ এবং বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের ৩.৫০-সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ‘বি’ ইউনিটের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে।


তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে ভর্তি উপকমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সামনে ভর্তি কমিটির আরও মিটিং হবে। সেখানে আরও বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।




শেয়ার করুন