ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে সংগঠনটিকে অবিলম্বে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির ওপর আগের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
ভারত সরকার প্রথম ২০১৬ সালের নভেম্বরে আইআরএফকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে ২০২১ সালের নভেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের দুটি নিষেধাজ্ঞাই ২০১৭ সালের মে ও ২০২২ সালের মার্চে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনালে বহাল রাখা হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে অভিযোগ করা হয়েছে, আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আবদুল করিম নায়েক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও অসন্তোষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করে আসছেন।
সরকারের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা প্রয়োজন।

