আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়-এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে আসবেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটা তাদের বিষয়।
শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।
তিনি আরও বলেন, আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডোন) কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। তারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানেও ১৯৭৩ সালে তার বাবা (শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনেছিলেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
এটি তাদের করা আইন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

