১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন করে হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৬
নতুন করে হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের সঙ্গে সমন্বয় না করলে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবোল্লাহ সায়্যারি। তিনি দাবি করেছেন, প্রণালিটি বন্ধ রয়েছে এবং এর ওপর ইরানি নৌবাহিনীর পূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ রয়েছে।


ইরানের সংবাদ সংস্থা মেহরের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


সায়্যারি বলেন, “সমন্বয় ছাড়া যারা এই প্রণালি দিয়ে চলাচল করবে, তাদের কী হয়, তা তারা দেখতে পাবে।”



তিনি আরও বলেন, নতুন সরঞ্জাম এবং তরুণদের সক্ষমতার ওপর নির্ভর করে শত্রুপক্ষের হুমকি মোকাবিলা করবে ইরান।


ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির পূর্ব অংশে দেশটির সেনাবাহিনীর নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এলাকাটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারিও বজায় রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।


তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডারের দাবির বিরোধিতা করে।


আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার দাবি করেছিলেন, হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং কাছে আসা মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের সেন্টকম এসব দাবির বিরোধিতা করেছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এই নৌপথের অস্থিরতা সারা বিশ্বে প্রভাব ফেলছে।




শেয়ার করুন