২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০১:৩৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৬৪ জেলায় ১৫০ জন সংশোধনকারী কর্মকর্তা নিয়োগ
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৬
৬৪ জেলায় ১৫০ জন সংশোধনকারী কর্মকর্তা নিয়োগ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ করতে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।



প্রজ্ঞপনে বলা হয়েছে, ‘ভোটার তালিকা আইন-২০০৯ এর ১১ ধারা মোতাবেক প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ধারা ৩ এর দফা (জ) এর অধীন ঘোষিত সময়কালের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের বিধানমতে ৩১ অক্টোবর ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম এমন ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন ভোটার তালিকা হালনাগাদপূর্বক তাদেরকে অন্তর্ভুক্ত করতে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার এলাকা/অধিক্ষেত্রসমূহের খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবী (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করেছে।’


অন্যদিকে জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।


এর আগে ইসির এক নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম, তাদের মধ্যে যারা এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এ জন্য ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।



স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনের তফসিল জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।




শেয়ার করুন