২১ নভেম্বর ২০২৬, শনিবার, ০৮:৩১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৬
রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী তথা এ বিভাগের মানুষ হাসতে জানে, আবার প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে। দেশ ও জাতির স্বার্থে তারা নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় পারদর্শী করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; বরং পারস্পরিক সহমর্মিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চায়।


রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেকে খেলোয়াড় হয়েছেন। তারা বিশ্বদরবারে রাজশাহী ও বাংলাদেশের গৌরব তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। এ শহরে দেখার মতো অনেক দর্শনীয় স্থানও রয়েছে। যারা খেলাধুলায় অংশ নিতে রাজশাহীতে এসেছেন, আশা করি তাদের কাছে এ শহর ভালো লাগবে।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারসহ প্রমুখ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।


আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।



শেয়ার করুন