ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে টানা পাঁচ ঘণ্টাব্যাপী আকস্মিক অভিযান চালিয়ে চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলা, ওষুধ বিতরণে অস্বচ্ছতা এবং প্যাথলজি বিভাগে টেস্ট কিটের বড় ধরনের হিসাব গরমিলের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত। দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি বড় অংশ নিয়মিত দায়িত্ব পালন করছেন না। দুদক টিম প্রায় ৭০ শতাংশ চিকিৎসককে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেখেনি। এছাড়া বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থাতেও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। চিকিৎসকরা নিজেদের ইচ্ছেমতো আসা-যাওয়া করছেন বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালের ফার্মেসি বিভাগেও অনিয়মের চিত্র উঠে এসেছে। রোগীদের মাঝে ওষুধ বিতরণের স্লিপে সংশ্লিষ্ট চিকিৎসকের সিল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। বিষয়টি নিয়ে ওষুধ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়লেও হাসপাতালের তত্ত্বাবধায়ক সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।
সবচেয়ে বড় গরমিল ধরা পড়েছে প্যাথলজি বিভাগে। মজুতকৃত ১২৫০টি কিট থাকার কথা তবে ও সেখানে মজুত রয়েছে ৩৪৮। ব্যবহৃত টেস্ট কিটের হিসাবে ৮৫৮টি শতাধিক কিটের গরমিল পেয়েছে অভিযান দল।
অভিযান শেষে দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন বলেন, আমরা দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ তদারকি করেছি। চিকিৎসকদের অনুপস্থিতি, বায়োমেট্রিক হাজিরার অসঙ্গতি, ওষুধ বিতরণের স্লিপে রেজিস্ট্রেশন নম্বর না থাকা এবং প্যাথলজিতে ৮ শতাধিক টেস্ট কিটের গরমিলের প্রাথমিক সত্যতা পেয়েছি। বিষয়গুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তারিকুর রহমান, সহকারী পরিচালক সানজিদা আক্তার শিলা।

