২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৬:৫৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৬
রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানো হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউনিয়ন ও বিদ্যালয় পর্যায় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে ফুটবল খেলার মাঠে নিয়ে আসা হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


তিনি বলেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়, দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিশু-কিশোরের আলাদা মেধা ও দক্ষতা রয়েছে। তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করতে হবে।


‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি বলেন, আজকের খেলার মাঠ থেকে উঠে আসা খেলোয়াড়রাই আগামীতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।


রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।


এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতা রাজশাহীর শিক্ষাঙ্গনে ক্রীড়া চর্চা ও নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

শেয়ার করুন