২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত পুলিশ কমিশনার ফয়েজুল কবির
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৬
সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত পুলিশ কমিশনার ফয়েজুল কবির

সততা, পেশাদারিত্ব ও আপোষহীন কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ অর্জন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।


শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ (এমপি) তাঁকে এ গৌরবময় পদক পরিয়ে দেন। ২০২৫ সালের সার্বিক মূল্যায়নে সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের জন্য তাঁকে এই পদকের জন্য মনোনীত করা হয়। জানা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই ঘুষ, দুর্নীতি ও তদবিরের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাঁর সততা ও কঠোর প্রশাসনিক দক্ষতার কারণে রাজশাহী মহানগর পুলিশে ফিরে এসেছে শৃঙ্খলা ও জনআস্থা। সাধারণ মানুষ এখন থানায় গিয়ে কোনো হয়রানি ছাড়াই সেবা পাচ্ছেন, যা তাঁর ব্যক্তিগত সততা ও নেতৃত্বেরই ফসল। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজশাহী নগরীকে মাদক ও জুয়ামুক্ত করতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করছেন তিনি। 


তাঁর নির্দেশে আরএমপির প্রতিটি থানা ও গোয়েন্দা বিভাগ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চালাচ্ছে।

নগরীর প্রতিটি স্পটে মাদক কারবারিদের আস্তানায় হানা দিয়ে বড় বড় চালান জব্দ করা হচ্ছে। তাঁর কঠোর অবস্থানের কারণে আজ রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ী নেই বললেই চলে। জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও তিনি একইভাবে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

নগরবাসী বলছেন, আগে যেখানে সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় মাদক সেবীদের আনাগোনা ছিল, এখন সেখানে পুলিশের নিয়মিত টহলে স্বস্তি ফিরেছে। এই মর্যাদাপূর্ণ অর্জন শুধু একজন কর্মকর্তার নয়, এটি পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্যের জন্য গৌরবের। তাঁর এই সততা ও কর্মদক্ষতা আরএমপির প্রতিটি সদস্যকে আরও বেশি জনবান্ধব ও পেশাদার হতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন