২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:১৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৬
রাজশাহীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. হানিফকে (৪৫) গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিংয়ের পাশে একটি মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৫ রাজশাহীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হানিফের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।


মামলা সূত্রে জানা যায়, রাজপাড়া থানায় গত ২৭ সেপ্টেম্বর মামলা নম্বর-৩৮ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৪৪৮, ৪৬১, ৩৮০, ৩২৫, ৩০২, ৪৩৬, ৪২৭, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় হানিফকে ১১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।


গ্রেপ্তারের পর হানিফের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন