১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজিউর রহমানকে রাজনৈতিক ট্যাগ না দেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৬
গাজিউর রহমানকে রাজনৈতিক ট্যাগ না দেওয়ার আহ্বান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ১০ নভেম্বর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তাৎক্ষণিক উত্তেজনাকে দায়ী করেছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু। একই সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান গাজিউর রহমানকে রাজনৈতিকভাবে চিহ্নিত না করার আহ্বান জানিয়েছেন তিনি।


সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. তপু এসব কথা উল্লেখ করেন।


পোস্টে তিনি বলেন, গত ১০ নভেম্বরের ঘটনাটি কোনো পক্ষেরই কাম্য ছিল না। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তাৎক্ষণিক উত্তেজনার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স বলে উল্লেখ করেন তিনি।


গাজিউর রহমানের প্রসঙ্গে ডা. তপু বলেন, পুরো ঘটনায় তাঁর আচরণ, ব্যক্তিত্ব ও আন্তরিকতা প্রশংসনীয় ছিল। উভয় পক্ষ থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুল বুঝতে পেরে তা স্বীকার করার মধ্যেই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়।


ডা. তপু আরও জানান, গাজিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে নেতিবাচক লেখালেখির উদ্দেশ্যে তাঁকে নানা তথ্য সরবরাহ করা হচ্ছে। তবে কারও ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হতে চান না তিনি।


তিনি বলেন, তাঁদের অবস্থান সবসময় ন্যায় ও সত্যের পক্ষে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কিংবা কারও ব্যক্তিগত স্বার্থ হাসিলের সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন।


পোস্টে ডা. তপু উল্লেখ করেন, গত ৯ নভেম্বর গাজিউর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরই রামেক হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।


সবশেষে, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কারও ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান ডা. শাহাদাত মাহমুদ তপু। একই সঙ্গে পুলিশ, চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।




শেয়ার করুন