রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তির আবেদন নেওয়া হবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বি ইউনিটের (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি সি ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সব বিভাগীয় শহরে একযোগে এসব পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পরবর্তী সাত দিন পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

