১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১২:০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নয় বছরের পথচলার ইতি টেনে স্মৃতিতে ডুবলেন কাবিলা
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৬
নয় বছরের পথচলার ইতি টেনে স্মৃতিতে ডুবলেন কাবিলা

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ে দর্শকের কাছে ধারাবাহিকটি হয়ে উঠেছে ভালো লাগা ও আবেগের এক বিশেষ নাম। এর চরিত্রগুলোও জায়গা করে নিয়েছে অসংখ্য দর্শকের মনে। এবার শুটিং শেষের মুহূর্তে শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।



তার লেখায় উঠে এসেছে দীর্ঘ এই যাত্রার সঙ্গে নিজের বেড়ে ওঠা এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকার গল্প। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের একটি বড় সময় জড়িয়ে থাকার কথা জানিয়েছেন পলাশ।


পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’


‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি। আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’



পলাশের ভাষ্যে, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’


শেষে বলেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’




শেয়ার করুন