০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:২১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) আখতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৬
গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি জনগণ ও বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাওয়ার কথা জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে।

এ ছাড়া ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিনকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুড়ে ফেলার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। ওই মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

শেয়ার করুন