হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন।’ তিনি দাবি করেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।
জামায়াত আমির আরও দাবি করেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার ভাষ্য, আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।
তিনি বলেন, আখতারুজ্জামানের ভাষা কেমন ছিল, সেটি বিবেচনা করা যেতে পারে; তবে তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার সাক্ষী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।
শফিকুর রহমান আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে আড়াল করার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটি ‘অশনি সংকেত’। তার দাবি, ভুক্তভোগী জনগণ এমন বিষয় মেনে নেবে না।
এর আগে বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে শুক্রবার আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।