২৯ মার্চ ২০২৬, রবিবার, ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
রাজশাহীসহ দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৬
রাজশাহীসহ দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

রাজশাহীসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।


নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


সরকারের এ সিদ্ধান্তে প্রশাসনে নতুন গতি ও কার্যক্রমে গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন