১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ১২:১৪:৫৮ অপরাহ্ন
ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৬
ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর

ইরান যুদ্ধের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবুধাবিতে ‘গোপন সফর’ করেছেন বলে তার দপ্তরের দাবি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।



নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সামরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে লিকুদ পার্টির এই নেতা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।


ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) দাবি অনুযায়ী, নেতানিয়াহুর এই সফরের ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হয়েছে।


ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া পূর্ণাঙ্গ বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চলাকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের মাধ্যমে ইসরাইল ও আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে।


বুধবার (১৩ মে) রাতে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই দাবিকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানাচ্ছে যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফর কিংবা দেশে কোনো ইসরাইলি সামরিক প্রতিনিধিদল গ্রহণের খবরগুলো সঠিক নয়।’


বিবৃতিতে আরও বলা হয়, আমিরাত পুনরুল্লেখ করছে যে, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা সুপরিচিত ও দাপ্তরিকভাবে ঘোষিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর কাঠামোর আওতায় পরিচালিত। এর বাইরে অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কোনো ব্যবস্থার ভিত্তিতে এই সম্পর্ক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের অঘোষিত সফর বা গোপন চুক্তির যে কোনো দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।


রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়, গত ২৬ মার্চ নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) সাক্ষাৎ করেছিলেন। মূলত চলমান যুদ্ধের মধ্যে সামরিক পদক্ষেপের সমন্বয় করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। নেতানিয়াহুর দপ্তরের করা পোস্টের পর রয়টার্স এই প্রতিবেদন প্রকাশ করে।


নেতানিয়াহুর দপ্তরের এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি প্রকাশ করেন যে, ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে পরিচালনার জন্য ইসরাইল তাদের ‘আয়রন ডোম’ ইন্টারসেপশন সিস্টেমের ব্যাটারি পাঠিয়েছিল।



ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে এর আগেও দুই দেশের মধ্যে গোপন যোগাযোগের খবর পাওয়া গিয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালেও বিন জায়েদের সঙ্গে এক গোপন বৈঠকে যোগ দিতে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু।


শেয়ার করুন