একাধিক আলোচনা ও মধ্যস্থতা চেষ্টার পরও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি। কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুমোদন দেননি আলোচনার খসড়া প্রস্তাবে।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষই। হোয়াইট হাউসের কর্মকর্তারাও নিজেদের আশাবাদ ব্যক্ত করছেন চুক্তির বিষয়ে।
এদিকে শান্তিচুক্তির উদ্দেশে সম্প্রতি ট্রাম্পের উপস্থিতিতে হওয়া আলোচনা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। প্রায় দুই ঘণ্টা আলোচনার পরও খসড়া প্রস্তাব অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট।
ইরানও নিজেদের দাবি পূরণের আগে কোনো চুক্তিতে রাজি নয়। দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম হস্তান্তরের ইস্যুতে এখনও একমত হতে পারেনি দু পক্ষ।
তাই দ্বিপক্ষীয় দাবিগুলো মেনে নিয়ে অদূর ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়মিত বিরতিতে উত্তেজনা চলমান থাকায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েও কাটছে না শঙ্কা।

