রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
আদালতে জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। আসামিরা জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রির মাধ্যমে অর্থ আদায় করে ভুক্তভোগীর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরের জন্য কালেক্টরেট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত শেষে ঘটনার পাঁচ দিনের মাথায়, ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একইদিন মামলাটি বিচারের জন্য শিশু ট্রাইব্যুনালে পাঠানো হয়। তবে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ১ জুন অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয়।
ঈদের ছুটি শেষে ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রামিসার বাবা-মা, বোন ও স্বজনসহ মোট ১৮ জন সাক্ষ্য দেন। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। সব কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

