১৪ জুন ২০২৬, রবিবার, ০৭:০৬:২৮ অপরাহ্ন
দুবাইয়ে বেনজীর আহমেদ আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৬
দুবাইয়ে বেনজীর আহমেদ আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক হওয়ার বিষয়টি জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা জানান তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে দুর্নীতির মামলার প্রেক্ষিতে বেনজীর আহমেদকে আটক করা হয়েছে।


 


মন্ত্রী আরও জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে আটক করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রও বেনজীর আহমেদের আটকের তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে আটকের বিষয়টি অবহিত করা হয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটা চিঠি এসেছে। ওই চিঠিতে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে আটক হওয়ার কথা জানানো হয়।


দুর্নীতির অভিযোগে তদন্ত ও মামলার মুখোমুখি হওয়ার পর থেকেই বেনজীর আহমেদ দেশের বাইরে অবস্থান করছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে দুবাইয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


শেয়ার করুন