স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিল তারকা নেইমারের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও এবার তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
কাফের চোটে ভুগে গত পাঁচ সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেই কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই খেলতে হয়েছে ব্রাজিলকে। তবে গত সপ্তাহে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন এই ফরোয়ার্ড। সোমবার (২২ জুন) তিনি দলের সঙ্গে কৌশলগত অনুশীলনেও অংশ নেন। আর এতেই তার প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর সৌদি আরব ও ব্রাজিলে ক্লাব ফুটবল খেলতে গিয়ে আরও কয়েকটি ইনজুরিতে পড়েন। প্রায় ৬৫০ দিনের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবারও সেলেসাওদের জার্সিতে ফিরেছেন।
ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি বলেন, ‘নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায়, সে খেলতে কতটা মুখিয়ে আছে।’
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় কিংবা ড্র করলে এবং অন্য ম্যাচে মরক্কো হাইতিকে হারাতে না পারলে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার মাঠে নামবেন কি না, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে সেলেসাওদের এই মহাতারকাকে।

