১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৬:১৪ পূর্বাহ্ন
ডাক্তার ছাড়া অপারেশন কাকনহাট সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
ডাক্তার ছাড়া অপারেশন কাকনহাট সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রাজশাহীর গোদাগাড়ীতে ডাক্তার ছাড়া অপারেশন করে এক নারী রোগীর জরায়ু ক্ষতিগ্রস্ত ও পেট ফুটা করে দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় অবশেষে (১২ আগস্ট বুধবার) রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকারের উপস্থিতিতে কাকনহাট সেবা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হাসানুল জাহিদ। ভুক্তভোগী নিলুফা হেমরম, উপজেলার ০৩ নং পাকড়ী ইউনিয়নের দেলশাদপুর যৌবন বাসাইল এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২১ মে ২০২৬ তারিখে ক্লিনিকের কর্মচারী মোঃ মেহেদী হাসান (সুমন) তাকে বাসা থেকে নিয়ে যান। ক্লিনিকে ডাক্তার আছে বলে D&C করানোর আশ্বাস দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, কোনো রেজিস্টার্ড ডাক্তার ছাড়াই ক্লিনিকের মালিক স্বপন ও তার স্ত্রী জুই অপারেশন করেন। অপারেশনের সময় অসাবধানতাবশত রোগীর পেট ফুটা করে বায়ুপথ বের হয়ে যায়। পরে তাকে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসা রিপোর্টে উল্লেখ আছে, ভুল চিকিৎসায় তার জরায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসায় ৪ ব্যাগ রক্ত লেগেছে এবং পরিবারের খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৮ হাজার টাকা। এই ঘটনায় ভুক্তভোগী গত ৩০ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী জেলার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন ১ আগস্ট ২০২৬ তারিখে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লিনিকটিতে অভিযান চালিয়ে সিলগালা করা হয়। এ বিষয়ে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ডাক্তার ছাড়া অপারেশন করেছে এই বিষয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লিনিক টি প্রাথমিকভাবে সিলগালা করা হয়েছে। তাদের এই বিষয়ের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় উনাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নিবে।

শেয়ার করুন