১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:৪৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৬
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

প্রতিদ্বন্দ্বী ছোট আকারের ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিজ্ঞাপন নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে মেটা। যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।


এর আওতায় চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপনের পাশাপাশি টিকটক বা বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচার চালানো তৃতীয় পক্ষের বিজ্ঞাপনও রয়েছে।


রয়টার্সের প্রতিবেদন অনযায়ী, শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার প্রচারণামূলক বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে টিকটক। এর পরপরই টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা।


মেটার মুখপাত্র ক্রিস স্ক্রো জানিয়েছেন, নিজেদের অ্যাপ থেকে ব্যবহারকারীদের সরিয়ে নিতে চায়, এমন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করার বাধ্যবাধকতা তাদের নেই। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের সুযোগ না দেওয়া বিভিন্ন শিল্পে স্বাভাবিক ব্যবসায়িক চর্চা বলে মন্তব্য করেছে মেটা। নিষেধাজ্ঞাটি শুধু বাইটড্যান্সের সরাসরি বিজ্ঞাপনের ক্ষেত্রে নয়, নির্ধারিত দেশগুলোতে ব্যবহারকারীদের টিকটকে নিয়ে যায় এরকম তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনও মেটা ও টিকটকের বিরোধকে আরও বাড়িয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় রাজি হয় মেটা। সমঝোতার আওতায় ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে। এরপর থেকে টিকটক ও ইউটিউবকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে মেটা। প্রতিষ্ঠানটির মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোনও একটি প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, সব প্ল্যাটফর্মকেই এ ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিতে হবে।


শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে টিকটকের ওপরও নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপ রয়েছে। ইউরোপীয় নিয়ন্ত্রকেরা অভিযোগ করেছেন, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি প্ল্যাটফর্মটি। এ ধরনের নিয়ম লঙ্ঘনের দায়ে টিকটকের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। একই সময়ে মেটা বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।


তবে বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্তের আগেই মেটার সঙ্গে প্রতিযোগিতায় টিকটকও কিছু পদক্ষেপ নিয়েছে। গত মাসে ব্যবহারকারীদের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামের সরাসরি লিংক সরিয়ে দেয় প্ল্যাটফর্মটি। পাশাপাশি শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে মেটার প্রচারণামূলক বিজ্ঞাপনও প্রত্যাখ্যান করে টিকটক।


টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্তে দুই প্রতিষ্ঠানের চলমান প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতা এখন ব্যবহারকারী ও বিজ্ঞাপনের বাজার ছাড়িয়ে শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়েও বিরোধে গড়িয়েছে।


শেয়ার করুন