কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। এ ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল (৫০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষকে শুভেচ্ছা জানান। এরপর বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানাই, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ২ জন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

