২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:২৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৬
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। ১ জুলাই থেকে কার্যকর এ নির্দেশনায় বেতন নির্ধারণ, পেনশন, বেতন বৃদ্ধি ও আনুতোষিকসংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করা হয়েছে।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।



প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপে বেতন নির্ধারণ করা হবে। পাশাপাশি তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুসারে প্রাপ্য ভাতা পাবেন।



অন্যদিকে, ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মাধ্যমে স্থির করা বেতনও প্রযোজ্য হতে পারে।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে কম্যুটেশন বা পেনশন সমর্পণের আগের গ্রস পেনশন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।



এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। পরে সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করা হবে।




এ ছাড়া নতুন সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও স্মারক নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।




শেয়ার করুন