১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৪২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাতের আঁধারে জমি দখল ও খনন কাজ শুরুর আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
রাতের আঁধারে জমি দখল ও খনন কাজ শুরুর আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রার বিলের মজিদপুর মৌজায় প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের প্রস্তুতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জমির মালিক ও কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি জমিতে পুকুর খননের উদ্দেশ্যে ইতোমধ্যে ঘটনাস্থলে একটি ভেকু (খননযন্ত্র) মেশিন রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, আজ রাতেই আরও খননযন্ত্র ও অন্যান্য যানবাহন ঘটনাস্থলে এনে খননকাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জমির মালিকদের অভিযোগ, তাঁদের সম্মতি ছাড়াই ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জমি দখলের মাধ্যমে পুকুর খননের চেষ্টা চলছে। এতে প্রকৃত জমির মালিকেরা নিজেদের জমি ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত।


 রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড শুরু হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, খয়রার বিলের এসব জমি দীর্ঘদিন ধরে কৃষিকাজে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি জমিতে বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদিত হয়। এসব কৃষিজমি পুকুরে পরিণত করা হলে কৃষি উৎপাদন, কৃষক পরিবারের জীবিকা, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও প্রাকৃতিক জলপ্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 


এ পরিস্থিতিতে মজিদপুর মৌজার জমির মালিক ও এলাকাবাসীর পক্ষে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জরুরি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে সম্ভাব্য জোরপূর্বক জমি দখল ও অবৈধ পুকুর খনন প্রতিরোধে জরুরি প্রশাসনিক ও পুলিশি অভিযান পরিচালনা, ঘটনাস্থলে থাকা ভেকু মেশিন অপসারণ, জমির মালিক ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জমির মালিক ও এলাকাবাসীর পক্ষে আতিকুর রহমান (স্বপন)সহ সংশ্লিষ্টরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আমরা আমাদের পৈতৃক ও বৈধ কৃষি জমি, জীবিকা এবং এলাকার পরিবেশ রক্ষা করতে চাই। প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপের মাধ্যমে সম্ভাব্য অবৈধ কর্মকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব। তাই রাতের আঁধারে খননকাজ শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।



শেয়ার করুন