১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১১:১৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাঠপর্যায়ের ভূমিসেবা ব্যবস্থাপনা আরও জোরদার হবে: ভূমিমন্ত্রী মিনু
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৬
মাঠপর্যায়ের ভূমিসেবা ব্যবস্থাপনা আরও জোরদার হবে: ভূমিমন্ত্রী মিনু

মাঠপর্যায়ের ভূমিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তথ্যভিত্তিক তদারকি ও নাগরিক সেবার মান উন্নয়নে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।


বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।


তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ের ভূমিসেবা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আরও জোরদার করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত এবং সেবার ক্ষেত্রে জবাবদিহিতা বাড়াতে প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে।


তিনি জানান, ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এ ভৌগোলিক সীমানাভিত্তিক অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত কর্মস্থলের সীমানার মধ্যে অবস্থান করলেই কর্মকর্তা-কর্মচারীরা মুঠোফোনের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। ইতোমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় ব্যবস্থাটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে।


পরীক্ষামূলক প্রকল্পে ছয় জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।


এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ভূমি কার্যালয়ের চারপাশে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নির্ধারণ করা হবে। কর্মকর্তা-কর্মচারীর মুঠোফোনের অবস্থান ওই সীমানার মধ্যে থাকলেই অ্যাপে হাজিরা দেওয়ার সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ সীমিত হবে।


‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর মাধ্যমে কর্মস্থলে পৌঁছানোর পর হাজিরা দেওয়া এবং কর্মদিবস শেষে হাজিরা শেষ করার পাশাপাশি ছুটির আবেদনও করা যাবে। কোনো কর্মকর্তা অফিস চলাকালে কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় তদারকি ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেখা যাবে।


তবে সভা, তদন্ত বা সরকারি দায়িত্বে অফিসের বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ সুবিধার মাধ্যমে প্রস্থানের কারণ উল্লেখ করার সুযোগ থাকবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এ সময় মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক কার্যক্রম চলা ছয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

শেয়ার করুন