২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ০৫:২৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৬
কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া এ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি জানান, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।


এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


তিনি বলেন, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।


চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন। এ ভোটাররা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।




শেয়ার করুন