ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তবে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে একটি ইমেইল পেয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ওই অনুরোধের সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
তিনি জানান, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ইমেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ করা হয়েছে। তবে ইমেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবী প্রতিষ্ঠানটিকে তাঁর পক্ষে এ ধরনের অনুরোধ জানানোর ক্ষমতা দেওয়ার কোনো প্রমাণপত্র ছিল না।
সাইদুর রহমান বলেন, ‘শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন (অথরাইজেশন) সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।’
তিনি আরও জানান, ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠি পাঠানোর তথ্য উঠে আসে। তবে ওই প্রতিবেদনগুলোতেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের আবেদন করেছেন বলে উল্লেখ করা হয়নি।