রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪২৭ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটে উপজেলার চারঘাট-বানেশ্বর পাকা সড়কের নাওদাড়া গ্রামে মো. গোলাপের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মোজারপুর গ্রামের মো. সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দাসিরদিয়া গ্রামের মো. হাতেম আলী (৩০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে নিয়োজিত ছিলেন। খবর আসে নাওদাড়া এলাকায় মাদক কারবারিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধ-বোঝাই পাথরের ভেতর থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহী জেলাকে মাদকমুক্ত করতে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার মহোদয়ের জিরো টলারেন্স নীতি ও সুদক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার হয়েছে। মাঠ পর্যায়ের অফিসাররা অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু করা হয়েছে।

