০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৬
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। 


‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। তাদের হাতে ইনকিলাব মঞ্চের ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।


ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি হলো—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।


সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং অতীতের গণহত্যার বিচারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। কোনো ধরনের আশ্বাসে তাঁরা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একই দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সেখানে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। 

তিনি বলেন, ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব।



শেয়ার করুন