২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৯:০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে জুয়েলারি দোকানে চুরি: আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৮
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৬
রাজশাহীতে জুয়েলারি দোকানে চুরি: আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৮

রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্সে চাঞ্চল্যকর চুরির ঘটনায় আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ১৯ জুন ভোরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোরের দল কৌশলে জটলা সৃষ্টি করে কারূশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। তারা সিন্দুক থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রুপা, ৩ বক্স নাকফুল ও নগদ ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক তুর্য সরকার বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় আরএমপির ডিবি। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে কাজ করে চোরদের শনাক্ত করে। পুলিশ জানায়, চোর চক্রটি অত্যন্ত ধুরন্ধর। তারা একটি মোবাইল একবারের বেশি ব্যবহার করে না এবং অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে। বছরে ১-২টি বড় চুরি করে তারা। এই চুরির ৪ মাস আগে থেকেই তারা রাজশাহীতে হোটেলে থেকে রেকি করেছিল।

এই ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৮ সেপ্টেম্বর রাতে খুলনার লবণচড়া থেকে মূলহোতা রুস্তম আলী শেখ (৬৪) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ঢাকা ও খুলনায় অভিযান চালিয়ে আরও ৬ জন চোর — স্বপন (৬২), ইউনুস (৪৫), উজ্জ্বল (৩৭), রিয়াজ ওরফে সুমন (৩৯), আবু তালেব (৪৫) ও কালাম শেখ (৪৮) কে গ্রেপ্তার করা হয়। পরে ৯ সেপ্টেম্বর চোরাই মাল ক্রয়ের অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসান (৪৫) কে ঢাকার সবুজবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তার দোকান থেকে ২৬ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর ঢাকার তাঁতীবাজার থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ পর্যন্ত এই চুরির ঘটনায় মোট ৩১ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

শেয়ার করুন