রাজশাহীতে বর্ণিল আয়োজনে শুরু হলো দুই দিনব্যাপী ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’। নজরুলের সাম্য ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করেছে শাপলা কালচারাল স্কুল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল ও উত্তরীয় দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।
পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি আমাদের জাগরণের প্রতীক। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শিখিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তাঁর সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী রয়েছে, তা আজকের বিভক্ত সমাজে আরও বেশি প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে শাপলা কালচারাল স্কুল যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। একটি পরিচ্ছন্ন, সবুজ ও সাংস্কৃতিক নগরী হিসেবে রাজশাহীকে গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নজরুল সংগীত, আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণে নজরুলের বই ও চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।