০৪ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৬
গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রকে কার্যকর রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেমন প্রয়োজন, তেমনি প্রতিপক্ষ ও বিরোধী দলগুলোকেও পর্যাপ্ত রাজনৈতিক পরিসর দিতে হবে।


রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিপক্ষ ও বিরোধী দলের মতপ্রকাশের সুযোগ থাকা। তাই গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে।


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


উপাচার্য আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

শেয়ার করুন