জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসটি উদযাপনের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকবে।
দিবসটি উদযাপনে দেশের জেলা ও উপজেলায় আলোচনা সভা, সড়ক ও সড়কদ্বীপ সাজসজ্জা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন এবং এতিমখানা, হাসপাতাল ও কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে দিবসটি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সিনেমা হলগুলোতে প্রদর্শন করা হবে প্রামাণ্য চলচ্চিত্র। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

