বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার রাত ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় এ ডায়েরি করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।
তিনি জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

