০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৮:২০:১৯ অপরাহ্ন
শর্তে রাজি মোদি, শুল্ক কমালেন ট্রাম্পও
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২৬
শর্তে রাজি মোদি, শুল্ক কমালেন ট্রাম্পও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে। এর বিনিময়ে ভারত বাণিজ্য ঘাটতি কমাবে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকেও তেল কিনবে।


নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। খবর আল জাজিরা


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও সম্মানের খাতিরে এবং তার অনুরোধ অনুযায়ী, আমরা অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। এর ফলে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক কমিয়ে ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে নামাবে।’


হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের সব আমদানির ওপর আরোপ করা ২৫ শতাংশ দণ্ডমূলক শুল্কও প্রত্যাহার করা হচ্ছে, যা আগে ২৫ শতাংশ ‘সম্পূরক’ শুল্কের সঙ্গে যুক্ত ছিল।


ট্রাম্প আরও বলেন, মোদি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য মিলিয়ে ৫০০ বিলিয়ন ডলারের বেশি কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।


মোদি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ‘‘মেড ইন ইন্ডিয়া’’ পণ্যের ওপর শুল্ক এখন ১৮ শতাংশে নেমে আসছে—এতে আমি আনন্দিত।’


তিনি আরও যোগ করেন, ‘এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।’


উল্লেখ্য, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করার পর—যা এশিয়ার কোনো দেশের জন্য সর্বোচ্চ। এর মধ্যে ২৫% অতিরিক্ত শুল্ক ছিল রাশিয়া থেকে তেল কেনার কারণে। এতে যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য সম্পর্ক চাপে পড়ে।


শেয়ার করুন