১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার, ০৪:৪০:৫২ অপরাহ্ন
পুলিশের ঊর্ধ্বতন ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।


শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত ৪৯ জন পুলিশ কর্মকর্তা চাকরির ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।


অবসরপ্রাপ্ত ৪৯ পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলা, ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।


অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে। 



তারা হলেন—ঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সার্কেলর সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকা মোহাম্মদপুর র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন