কাতারের প্রধান গ্যাস স্থাপনা রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পর বেশ ক্ষুব্ধ কাতার। এ ব্যাপারে দোহা বলেছে, ‘এ ধরনের হামলা সরাসরি জাতীয় নিরাপত্তার ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে।’ শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থানও কঠোর করেছে কাতার।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটি ইরানের নিরাপত্তা ও সামরিক ‘অ্যাটাশে’দের অবিলম্বে কাতার ছাড়ার নির্দেশ দিয়েছে। কূটনৈতিক ভাষায় ‘অ্যাটাশে’ বলতে সাধারণত দূতাবাসে নিয়োজিত বিশেষজ্ঞ বা প্রতিনিধিকে বোঝায়। একে ‘সামরিক বা নিরাপত্তা প্রতিনিধি’ বা ‘সংযুক্ত কর্মকর্তা’ বলা যেতে পারে। অপরদিকে রিয়াদ বলছে, ‘ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল, তা সম্পূর্ণ ভেস্তে গেছে।’
এদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বিবৃতি দিয়েছেন। তিনি হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দায়ীদের ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) তিনি এ বিবৃতি দেন। এর আগে গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই দিন পৃথক হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হন। এরপর বিভিন্ন পক্ষ থেকে হুঁশিয়ারি এলেও নীরব ছিলেন খামেনি।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে বিবৃতিটি প্রকাশ করা হয়। তাতে মোজতবা খামেনি বলেন, লারিজানি একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’। ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনি। এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে বোঝা যায়, তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের শত্রুদের কাছে কতটা ঘৃণ্য ছিলেন। প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে।

