ঈদুল ফিতরের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ সদস্যদের শপথগ্রহণের পর গত ১২ মার্চ শুরু হয় এই অধিবেশন। এরপর রোজা ও ঈদুল ফিতরের জন্য ১৫ মার্চ অধিবেশন আজকের দিন পর্যন্ত মূলতবি করা হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় এ অধিবেশনের বৈঠক বসবে। ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন।
এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।
অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়েও আলোচনার কথাও রয়েছে।

