১০ মে ২০২৬, রবিবার, ০৮:৫৬:১১ অপরাহ্ন
রাজশাহীতে সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৬
রাজশাহীতে সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর এলাকায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক-শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা ঘটতেই পারে; তবে দুর্ঘটনার পর বারবার ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় মালিক ও শ্রমিক উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে বালুবাহী ট্রাক দুর্ঘটনার পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটছে বলে অভিযোগ করেন তারা। অন্য যানবাহনের দুর্ঘটনায় এমন পরিস্থিতি দেখা যায় না বলেও উল্লেখ করেন বক্তারা।


তাদের দাবি, এসব ঘটনার পেছনে কোনো উসকানিদাতা বা স্বার্থান্বেষী মহল জড়িত আছে কি না তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।


দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম মানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক সিদ্দীক, যুগ্ম সাধারণ সম্পাদক নসিব শাহ, সদস্য মো. রায়হান আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন