রেকর্ড তাপপ্রবাহ ও হাজারো মৃত্যুর ঘটনার পর জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে ‘ক্লাইমেট শেল্টার’ বা জলবায়ু আশ্রয়কেন্দ্র গড়ে তুলছে স্পেন। ইউরোপের মধ্যে বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হচ্ছে।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ভয়াবহ গরমের পর এই উদ্যোগ ঘোষণা করেছে।
ক্লাইমেট শেল্টার হলো বিশেষভাবে প্রস্তুত করা জনসাধারণের আশ্রয়কেন্দ্র। এখানে মানুষ প্রচণ্ড গরম থেকে সাময়িক সুরক্ষা নিতে পারবে। এসব কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল এবং বিশ্রামের ব্যবস্থা থাকবে।
বার্সেলোনাতেই বর্তমানে প্রায় ৪০০টি এমন কেন্দ্র রয়েছে। এগুলো লাইব্রেরি, জাদুঘর, ক্রীড়া কেন্দ্র ও শপিংমলে স্থাপন করা হয়েছে।
মূলত বয়স্ক মানুষ, শিশু, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাদের ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা নেই— তাদের জন্য এসব কেন্দ্র অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহারের সুযোগ রাখা হবে।
গত গ্রীষ্মে স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর সরকার এ কর্মসূচি দ্রুত এগিয়ে নেয়।
প্রতিবেদনে বলা হয়, শুধু ২০২৫ সালেই স্পেনে তাপজনিত কারণে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে মাঝারি থেকে উচ্চ তাপমাত্রার সংস্পর্শে থাকাও এসব মৃত্যুর অন্যতম কারণ।
বার্সেলোনার ৫১ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী মন্টসে আগুইলারের মৃত্যু দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। প্রচণ্ড গরমে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে মারা যান তিনি। এ ঘটনার পর বাইরে কাজ করা শ্রমিকদের সুরক্ষার দাবিতে শহরজুড়ে বিক্ষোভ হয়।
শুধু দক্ষিণ ইউরোপ নয়, গত বছর ইতালি, ফ্রান্স, পর্তুগাল, যুক্তরাজ্য এমনকি ফিনল্যান্ডেও তাপপ্রবাহ আঘাত হানে। ফিনল্যান্ডে একটি আইস রিঙ্ককে সাময়িকভাবে ক্লাইমেট শেল্টারে রূপান্তর করা হয়েছিল।
কাতালোনিয়ার ওপেন ইউনিভার্সিটির গবেষক এলভিরা হিমেনেজ বলেন, চরম তাপ এখন ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী পরিবেশগত ঝুঁকি।
তিনি বলেন, স্পেন, ইতালি, গ্রিস, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, স্লোভেনিয়া, মাল্টা ও সার্বিয়ায় তাপজনিত মৃত্যুহার সবচেয়ে বেশি বেড়েছে। তাই জলবায়ু আশ্রয়কেন্দ্রের মতো অভিযোজনমূলক ব্যবস্থা এখন জরুরি হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, ক্লাইমেট শেল্টার ভবিষ্যতের শহর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এর মধ্যে সবুজায়ন বাড়ানো, পরিবহনব্যবস্থার পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে।

