২৫ মে ২০২৬, সোমবার, ০৬:৫০:০৯ অপরাহ্ন
ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ ও ডিএমপির সতর্কবার্তা
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৬
ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ ও ডিএমপির সতর্কবার্তা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভুয়া ‘স্পিডিং ফাইন’ ও বকেয়া জরিমানার বার্তা পাঠিয়ে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।



সোমবার (২৫ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক জরুরি সতর্কবার্তায় বলা হয়, একটি অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন বা আপনার বকেয়া জরিমানা আছে এ ধরনের বার্তা পাঠাচ্ছে।


এসব বার্তার সঙ্গে বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের লিংকও দেওয়া হচ্ছে, যা বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি)-এর আদলে তৈরি করা হয়েছে। এসব ভুয়া ওয়েবসাইট বা পোর্টালের সঙ্গে অফিসিয়াল বিএসপি ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম।


সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


পাশাপাশি এ ধরনের প্রতারণার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।


এদিকে ট্রাফিক বিভাগের নামে পাঠানো জরিমানা সংক্রান্ত খুদে বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য বলে জানিয়েছে ডিএমপি। রোববার (২৪ মে) ডিএমপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ট্রাফিক জরিমানা আদায়ের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসী ভুয়া এসএমএস পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে, ডিএমপির ট্রাফিক বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের কোনো এসএমএসের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।


ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হলে, সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি চালক বা মালিকের নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হচ্ছে। এছাড়া, বিশেষ প্রয়োজনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হতে পারে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক বিভাগের জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ের (উপায় ও ইউসিবিএল) মাধ্যমে বৈধভাবে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। ট্রাফিক বিভাগ কখনও কোনো ব্যক্তির কাছে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি (OTP) জানতে চায় না। তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে।



ট্রাফিক সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।


একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্যও নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।


শেয়ার করুন