সোফি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনার আবহ। তবে সপ্তম মিনিটে ঘটে যায় দুর্ভাগ্যজনক এক মুহূর্ত। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাডিলা। এর ফলে ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের তালিকায় যুক্ত হয় তার নাম।
শনিবার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’ এর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি সিক্স-ইয়ার্ড বক্সের প্রান্ত থেকে একটি কাটব্যাক করার চেষ্টা করেন। সেই সময় লাইনে অবস্থান করা বোবাডিলা বল ক্লিয়ার করতে গিয়ে অসাবধানতাবশত নিজেদের জালে পাঠিয়ে দেন।
বোবাডিলার ভুলের সুযোগে পাওয়া গোলটি মার্কিন শিবিরে এনে দেয় বাড়তি উচ্ছ্বাস। ম্যাচের ৭ মিনিটে হওয়া এই গোলটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল হিসেবে জায়গা করে নেয়। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আসরে এটি এখন পর্যন্ত দ্রুততম গোল হিসেবে রেকর্ডে উঠে এসেছে।
বিশ্বকাপ ইতিহাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের রেকর্ড উল্লেখযোগ্য। সাম্প্রতিক গোলটি ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিপক্ষের চতুর্থ আত্মঘাতী গোল। এ তালিকায় যুক্তরাষ্ট্রের উপরে অবস্থান করছে ফ্রান্স, যাদের বিপক্ষে সর্বোচ্চ ছয়টি আত্মঘাতী গোল করেছে প্রতিপক্ষ দলগুলো।

